শিক্ষার্থীকে হামলার ঘটনায় মামলা, ক্যাম্পাসে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পাশাপাশি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেজবাউল সরকারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাজহাট থানায় পাঁচ শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে মেজবাউল মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন—ম্যানেজমেন্ট বিভাগের সুব্রত ঘোষ, বাংলা বিভাগের রুবেল হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ফজলে রাব্বী, আকাশ আহমেদ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন। তাঁদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে মারপিট, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ৩০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র রায়কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইজার আলী প্রথম আলোকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী মেসবাউল সরকার বাদী হয়ে গতকাল তাজহাট থানায় একটি মামলা করেন। মামলায় দলবদ্ধ হয়ে মারপিট, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। মামলার তদন্তসহ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্ট চলাকালে গত ২৯ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুব্রত ঘোষ, বাংলা বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী, আকাশ আহমেদ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেনসহ অজ্ঞাত সাত থেকে আটজন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেজবাউল সরকারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে মুখতার ইলাহী হলের দিকে যাওয়ার পথে বঙ্গবন্ধু হলের কাছে পৌঁছালে তাঁরা আবারও মেজবাউলের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা রড, লাঠি, হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে মেজবাউল জ্ঞান হারান। পরে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন ৩০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র রায়কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই সঙ্গে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখারও আপ্রাণ চেষ্টা থাকবে।

এদিকে গতকাল মামলা হওয়ার পর ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আজ শনিবার বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও ক্যাম্পাস ও প্রধান ফটকের সামনের পার্ক মোড় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শঙ্কাও দেখা দিয়েছে।

মামলায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীদের সবার মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।