শিক্ষার্থীদের আতঙ্ক ‘অজানা রহস্য’

ভুক্তভোগী তিনজন ইতিমধ্যে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অজানা রহস্য’ নামে একটি আইডি ঝিনাইদহের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই আইডির মাধ্যমে শিক্ষার্থীদের নামে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উঠতি বয়সের ছেলেমেয়েদের ছবি ব্যবহার করে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। কখনো কখনো সম্পাদনা করে অশ্লীল ছবিও ব্যবহার করা হচ্ছে। এসব কারণে অনেকে বাইরে বেরোতে লজ্জা পাচ্ছেন। অনেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন, কখন কার নামে কী ছাড়া হয় এই ভেবে।

এ অবস্থা ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও নলডাঙ্গা ইউনিয়ন এলাকায়। ভুক্তভোগীরা বলছেন, অজানা রহস্য আইডির মাধ্যমে গত দুই মাসে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন কলেজপড়ুয়া ছেলেমেয়ের নামে কুৎসা রটানো হয়েছে। তিনজন ইতিমধ্যে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। ফলে এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এই আইডি থেকে অপপ্রচার চালিয়ে ছেলেমেয়েদের চরিত্রহনন করা হচ্ছে। সাইবার ক্রাইম দমন বিভাগের হস্তক্ষেপ প্রয়োজন।
জাহিদ হোসেন, ভুক্তভোগী এক তরুণের বাবা

সদর উপজেলার গড়িয়ালা গ্রামের শাহিন আলম বলেন, তাঁর বাড়ি নলডাঙ্গা ইউনিয়নে। পার্শ্ববর্তী ইউনিয়ন মহারাজপুর। এই দুই ইউনিয়নের স্কুল ও কলেজপড়ুয়া ছেলেমেয়েরা বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। মাঝেমধ্যেই অজানা রহস্য আইডিতে ছেলেমেয়েদের, বিশেষ করে মেয়েদের নামে নানা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তাঁর পরিচিত একটি মেয়ের ছবি অপর একটি ছেলের ছবির সঙ্গে মিলিয়ে বিভিন্ন বাজে মন্তব্য লিখে ছাড়া হয়েছে। অনেকের আইডিতে ট্যাগও করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করে কলেজপড়ুয়া ওই শিক্ষার্থী বলেন, হঠাৎ ফেসবুকে তাঁর বিষয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ও ছবি দেখতে পেয়ে বান্ধবীরা বিষয়টি তাঁকে জানান। এটা দেখার পর লজ্জায় মুখ লুকিয়ে চলতে হচ্ছে তাঁকে। তিন দিন বাসা থেকে বের হননি। সারাক্ষণ কেঁদেছেন। এ বিষয়ে প্রতিকারের আশায় গত ১৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন তিনি।

গড়িয়ালা গ্রামের অনার্সের ছাত্র সুমন মিয়া বলেন, গত ২৩ জানুয়ারি বিকেলে ফেসবুকে অজানা রহস্য আইডিতে দেখতে পান তাঁর ছবির সঙ্গে অন্য এক মেয়ের আপত্তিকর ছবি দিয়ে তাঁর সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছে। বিষয়টি দেখার পর মেসেঞ্জারে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে একটি নগদ অ্যাকাউন্ট নম্বর দেন। ওই নম্বরে টাকা পাঠাতে বলা হয়, না দিলে আরও ক্ষতি করবে বলে হুমকি দেয়। পরে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন সুমন। তিনি বলেন, এমনভাবে তাঁর নামে লেখা হয়েছে, যা খুবই লজ্জার। এখন বাইরে নানা কাজে বের হলেও লজ্জা পেতে হয়।

বিষয়খালী বাজারের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, তাঁর ছেলেকে নিয়েও একই ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় জিডি করেছেন। তিনি আরও বলেন, সবশেষ তাঁর পরিচিত মেয়েকে নিয়েও পোস্ট করা হয়েছে। তাঁদের এলাকার ছেলেমেয়েরা ওই আইডি নিয়ে খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে। এই আইডি থেকে অপপ্রচার চালিয়ে ছেলেমেয়েদের চরিত্রহনন করা হচ্ছে। বিষয়টি সাইবার ক্রাইম দমন বিভাগের জরুরিভাবে হস্তক্ষেপ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, থানায় এ অভিযোগ নিয়ে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।