শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুর মেরিন টেকনোলজিতে বিক্ষোভ
চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (আইএমটি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী ফেস্টুন হাতে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের আটক করার আলটিমেটাম দেন এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলামের ভাষ্য, গত শুক্রবার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাশের ডাকাতিয়া নদীর পাড়ে খেলতে যান। সেখানে সোহান নামের স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোহানের নেতৃত্বে স্থানীয় অজ্ঞাতপরিচয় যুবকেরা তাঁদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা করেন। পরের দিন সকালে সোহানের পরিবারের লোকজন ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাঁদের কাছে এ নিয়ে অভিযোগ করেন। কিন্তু তাঁরা এর বিচার না করে উল্টো স্থানীয় এক নারী কাউন্সিলরের নেতৃত্বে দুপুরে ও রাতে আরও দুই দফা হামলা চালান। তিন দফার হামলায় ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইফুল ইসলাম, রুহুল আমিন খান, কাউসার ইসলাম, আছলাম শেখ, ফারহান আহমেদ, কায়েস মাহমুদ, জনি, ইনস্টিটিউটের কর্মচারী কিবরিয়াসহ ১০ থেকে ১২ জন আহত হন। তাঁদের হামলার ঘটনা সিসিটিভি ফুটেজে আছে।
শিক্ষার্থীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করতে হবে। অন্যথায় তাঁরা আরও বড় কর্মসূচি নিতে বাধ্য হবেন।
এ ঘটনায় বর্তমানে চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে চাঁদপুর মডেল থানা–পুলিশের সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করছি। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বসেছি। বিস্তারিত পরে জানানো হবে।’