শিক্ষার্থীদের পৌঁছে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আটকে পড়া শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ বাস সার্ভিস চালু করেছে
ছবি: প্রথম আলো

লকডাউনে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আজ সকাল সাড়ে আটটায় নড়াইল হয়ে যশোর, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা (আমতলী) রুটে বাস ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ও ভাড়ায় চালিত তিনটি বাসে এই সার্ভিস শুরু করা হয়।

বাসে ওঠার আগে প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা মাপা হয়। যেসব শিক্ষার্থীর করোনা উপসর্গ ছিল, তাঁদের এই সার্ভিস নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভ্রমণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, বিশেষ বাস সার্ভিস পাওয়ার জন্য ১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ প্রথম দিনে মোট নয়টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, করোনার বিস্তার রোধে সরকার–ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে আটকে পড়া সব শিক্ষার্থীর জন্য বিশেষ পরিবহনসেবা চালু করা হয়েছে। যাঁরা বাস সার্ভিসের জন্য নিবন্ধন করেছেন, তাঁদের নির্ধারিত জেলা শহরে পৌঁছে দেওয়া হবে।

বিশেষ এই সার্ভিস পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ‘সর্বশেষ লকডাউনের প্রথম থেকে অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বাস সার্ভিস শুরু হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ব্যাপারে বারবার আবেদন জানাই। অবশেষে কর্তৃপক্ষ আমাদের জন্য এই বাস সার্ভিসের ব্যবস্থা করল।’