শিক্ষার্থীদের বাড়িতে শীতবস্ত্র নিয়ে হাজির শিক্ষকেরা
হঠাৎই শীতের দাপট দেখাচ্ছে প্রকৃতি। এমন তীব্র শীতে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে শীতবস্ত্র নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের বেশ কয়েকটি গ্রামে শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করে। শিক্ষকেরা মোলাইদ, তালতলী, দেওচালাসহ বিভিন্ন গ্রামে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে থাকা বয়স্কদেরও শীতবস্ত্র দেওয়া হয়। শিক্ষার্থীদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন সমিতির সহসভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম পারভেজ, সদস্য আবুল কালাম ফকির, অর্থবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ বলেন, ‘শীতের আগেই আমরা শিক্ষকেরা সমিতির পক্ষ থেকে এমন একটি মানবিক কাজ করার সিদ্ধান্ত নিই।’