শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ
ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজের পিন্নু ছাত্রাবাসের কক্ষ থেকে উদ্ধার মুশফিকুর রহমান নামের শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে কোতোয়ালি পুলিশ তাঁর লাশ হস্তান্তর করে। রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী প্রথম আলোকে আজ এ তথ্য জানিয়েছেন।

মুশফিকুর রহমান রংপুর মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পাস না করায় পিছিয়ে পড়েছিলেন। তিনি চার মাস আগে বিয়েও করেছেন। তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার ডা. পিন্নু ছাত্রাবাসের তিনতলার ৪৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘রংপুর মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, মুশফিকুর রহমানের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ ছাড়া সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি যে কক্ষে থাকতেন, সেখানে কোনো আলামতও পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। ওই কক্ষে তিনি একাই ছিলেন। ভেতর থেকে দরজা বন্ধ ছিল।

পুলিশ জানায়, মারা যাওয়া শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বলেন, মুশফিকুর ৪৩তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পাস না করায় পিছিয়ে পড়েছেন। বর্তমানে ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে। এ পরীক্ষাতে তিনি অংশ নিয়েছিলেন। তিনি তাঁর কক্ষে একাই ছিলেন। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর মুঠোফোনে পরিবারের পক্ষ থেকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি। পরে পরিবারের লোকজন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ছাত্রাবাসে মুশফিকুর যে কক্ষে থাকতেন, সেখানে গিয়ে দেখা যায়, ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।