শিক্ষার্থীরা এখন অন্যায় করে বলে ‘করেছি তো কী হয়েছে’
শিক্ষার্থীদের অনেকের এখন শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ নেই। অন্যায় করার পর শাসন করতে গেলে প্রায়ই শুনতে হয় ‘করেছি তো কী হয়েছে’। পরিবারের কাছে বিচার দিলেও পরিবারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নৈতিকতা আর মূল্যবোধের জায়গাটি এমন পর্যায়ে চলে এসেছে যে এখন শাসনের কারণে জনসম্মুখে শিক্ষককে পিটিয়ে হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাতেও দ্বিধা করছে না শিক্ষার্থীরা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করা এবং সাভারের আশুলিয়ায় কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা।
বৃহস্পতিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি হাসান আলী প্রথম আলোকে বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আগে ছাত্ররা শিক্ষকের ভয়ে সব সময় সচেতন থাকত। এখন শিক্ষকেরা ভয়ে থাকেন। এখন তাদের বলতে শোনা যায়, ‘মারেন, নেন মারেন, কী করবেন, রাস্তায় বের হবেন না, তখন দেখা যাবে।’
শিশু–কিশোরদের এমন উগ্র আচরণ থেকে সরাতে সরকারকে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন হাসান আলী। তিনি বলেন, ‘শিশু-কিশোর বলে সবকিছুকে লঘু করে দেখলে এমন পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। প্রতিবাদ করতে গেলে রাস্তাঘাটে অপমান করে। এর প্রমাণ তো আমরা দেখলাম শিক্ষককে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে। এখন বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করতে হবে।’
শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনা ও হত্যার ঘটনার জন্য পারিবারিক শিক্ষার অভাব, নৈতিকতা ও মূলবোধের অবক্ষয়, রাজনৈতিক প্রভাবকে দায়ী করছেন অনেকে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় সরকারের গৃহীত পদক্ষেপ সময়োপযোগী না বলেও মনে করেন কেউ কেউ।
সাভারের জেনারেশন টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি স্কুলের প্রধান শিক্ষক শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগগুলো পরিবারের পক্ষ থেকে হালকাভাবে নেওয়া হয়। পরে দেখা যায় ওই শিক্ষার্থী তিরস্কারের হাসি দেয়। শিক্ষকদের লাঞ্ছনায় পারিবারিক শাসনের অভাব প্রকট। অনেক ক্ষেত্রে শিক্ষকদের শাসনের ক্ষমতা হ্রাস করার কারণে শিক্ষকেরা এখন হাস্যকর পাত্র। শাসনটাকে অনেক শিক্ষার্থী কৌতুকের মতো মনে করে।
ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলা রক্ষায় শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। যাঁরা শক্তভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেসব প্রতিষ্ঠানে কোনো সমস্যা হচ্ছে না। বাইরের দেশের উদাহরণ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় পরিবর্তন আনার ক্ষেত্রে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক সংস্কৃতি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে হবে।