শিগগির ঘোষণা করা হবে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও অন্যরা। শুক্রবার সন্ধ্যায় নগরের ধোপাদিঘির পাড় এলাকায় হাফিজ কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

সিলেটের উন্নয়নে শিগগির সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। সারা দেশের উন্নয়নের মতো সিলেটেও উন্নয়ন হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু করা হবে।’

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। নগরের ধোপাদিঘির পাড় এলাকায় পররাষ্ট্রমন্ত্রীর পৈতৃক বাসভবন হাফিজ কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন আগামী দিনেও হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দর-বাদাঘাটের কাজও শুরু হবে। আরও নতুন একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুখবর হচ্ছে, শিগগির সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা করা হবে।

সিলেট নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় দলটির উপদেষ্টা তপন মিত্র, সহসভাপতি জি এম জেড কয়েছ গাজী, ফয়জুর আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ কুমার ভট্টাচার্য, মো. সানাওয়র, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানসহ অন্যরা বক্তৃতা করেন।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন নগর আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাসহ কার্যকরী কমিটির সদস্যরা। তাঁরা বলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা থাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মধ্যে ভিন্ন বার্তা দিচ্ছে। সরকারি উন্নয়ন পরিকল্পিতভাবে হচ্ছে না। এ জন্য দলীয় সরকারের কাছে জবাবদিহিও নেই।

শেখ হাসিনা পার্ক উদ্বোধন

চারদলীয় জোট সরকারের আমলে সিলেট সিটি করপোরেশনের মাধ্যমে দক্ষিণ সুরমা এলাকায় সুরমা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল একটি উদ্যান। নাম দেওয়া হয়েছিল ‘সাইফুর রহমান পার্ক’। কিন্তু ক্ষমতার পালাবদলে সেখানে উদ্যান অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

উদ্যানটির নাম পরিবর্তন করে শিশু-কিশোরদের বিনোদন উপকরণ স্থাপন করে উদ্যানটি সচল করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তাবে ‘শেখ হাসিনা পার্ক’ নামকরণ করা হয়। শুক্রবার রাতে পার্কটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ হাবিবুর রহমান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মদ বক্তৃতা করেন।