শিপ্রার বিরুদ্ধে মাদক মামলা: র‌্যাবের চূড়ান্ত প্রতিবেদনে পুলিশের নারাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিপ্রা দেবনাথ

কক্সবাজারে শিপ্রা দেবনাথকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতের দাখিল করা র‌্যাবের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছে মামলার বাদীপক্ষ পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) দেলোয়ার হোসেনের আদালতে নারাজি আবেদন করেন রামু থানার তৎকালীন উপপরিদর্শক শফিকুল ইসলাম।

শিপ্রা দেবনাথ কক্সবাজার মেরিন ড্রাইভের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহকর্মী। গত ১ আগস্ট রামু থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।

গত ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ ও রামু থানায় তিনটি মামলা করে। ওই তিন মামলায় সিনহা মো. রাশেদ, সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এই অভিযোগ থেকে তাঁদের দায়মুক্তি চেয়ে তদন্তকারী সংস্থা র‌্যাব ১০ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

এরপর ১৩ ডিসেম্বর সিনহা হত্যার ঘটনাটি ‘পূর্ব–পরিকল্পিত’ দাবি করে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব কক্সবাজার-১৫–এর সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

নারাজি আবেদনের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ২১ ডিসেম্বর আদালত মেজর (অব.) সিনহার বোনের করা মামলায় তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। একই ঘটনায় টেকনাফ ও রামু থানায় পুলিশের করা তিনটি মামলা থেকে আসামি সাইদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকে অব্যাহতি দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে শিপ্রা দেবনাথের অব্যাহতির বিরুদ্ধে নারাজি আবেদন করেন রামু থানায় ১ আগস্ট পুলিশের করা মাদক মামলার বাদী ও উপপরিদর্শক শফিকুল ইসলাম। যদিও তাঁর এভাবে নারাজি আবেদন করার এখতিয়ার নাই। বর্তমানে তিনি জেলার বাইরের থানায় কর্মরত। আদালত উভয় পক্ষের শুনানি শেষে নারাজি আবেদনের তাৎক্ষণিক আদেশ না দিয়ে অপেক্ষমাণ রেখেছেন।

আরও পড়ুন