শিবগঞ্জে আ.লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক সুজাউল ইসলাম (৪০), আবদুল গফুর (৩২) ও আজাদুল ইসলাম (৫৫)। তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ইউপিতে আহসান হাবিব আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রের পাঁচটি বুথ দখলে নেন। এ সময় তাঁরা নৌকা প্রতীকে সিল মারতে থাকেন। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বহিরাগতদের কাছ থেকে ৩৯টি নৌকা প্রতীকে সিল মারা ব্যালট উদ্ধার করেন। এসব ব্যালট বাতিল করা হবে।

অভিযোগে বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন, তিনি ককটেল বিস্ফোরণের ব্যাপারে শুনেছেন। তবে হামলার সঙ্গে তিনি বা সমর্থকেরা জড়িত নন। কেন্দ্রের ভেতরে কারা ঢুকে নৌকা প্রতীকে সিল মেরেছেন, সেটি তিনি জানেন না।

এদিকে বেলা পৌনে তিনটার দিকে একই ইউপির গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আহসান হাবিব ও দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থীর দুই কয়েকজন সমর্থক গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলে নেওয়ার চেষ্টা করলে আব্দুল মালেকের সমর্থকেরা বাধা দিতে আসে। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নৌকার সমর্থক আহসান হাবীব ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুজনকে আটক করেছেন।

জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মালেকের জামাতা মো. সনিকে আটক করেছে। ঘটনাস্থল থেকে আরেকজন র‍্যাব আটক করেছে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউপির নির্বাচনে ভোটকেন্দ্রে চাকু নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় নীরব (৩৫) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রওনক জাহান এ রায় দেন।

রওনক জাহান বলেন, ইউপি নির্বাচনের আচরণবিধিমালা অনুযায়ী, তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।