শিবগঞ্জে ইউপি নির্বাচনে তাঁরা ‘ডামি’ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

দ্বিতীয় ধাপে বগুড়ার শিবগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৩টি ইউপিতে একই পরিবার থেকে দুজন করে প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন খবর পাওয়া গেছে। কোথাও স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্ত্রী, কোথাও বাবার মুখোমুখি ছেলে, আবার কোথাও মায়ের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছেলে।

উপজেলার ময়দানহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে খন্দকার রমজান আলী ও তাঁর ছেলে মো. মাহবুব মোর্শেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। খন্দকার রমজান আলী ময়দানহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তবে তাঁর ছেলে মো. মাহবুব মোর্শেদ শিবগঞ্জ উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। ভোটের মাঠে বাবা–ছেলের দুজনই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ওই এলাকায় বেশ সাড়া ফেলেছে। এ দুজন ছাড়া ওই ইউপিতে আরও ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে মাহবুব মোর্শেদ বলেন, তাঁর বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কৌশলে যদি তাঁর বাবার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, তাহলে তিনি নির্বাচনে লড়বেন।

মাহবুব মোর্শেদ নিজেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগের নেতা। সে ক্ষেত্রে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দল কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে তিনি বলন, ‘দল ব্যবস্থা নিতে চাইলে নেবে। আমি আগে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম।’

এদিকে উপজেলার পীরব ইউপি নির্বাচনে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী শামীমা আকতার—দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে। মনোনয়নপত্র জমার দেওয়ার পর থেকে স্বামী-স্ত্রী দুজনই ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আবদুল করিমসহ মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কোনো কারণে যদি আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, সে জন্যই মাকে ডামি প্রার্থী করেছি। আমার প্রার্থিতা টিকে গেলে মা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
জুলফিকার হাসান, স্বতন্ত্র প্রার্থী

স্বামী–স্ত্রী দুজন একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্ষমতাসীন দলের প্রভাবে তাঁর মনোনয়ন বাতিল হয়ে গেলে তাঁর স্ত্রী ‘ব্যাকআপ’ হিসেবে থাকবেন।

এদিকে বিহার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফিকার হাসান ইতিমধ্যে ভোটের মাঠে সরব। তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তবে জুলফিকারের সঙ্গে তাঁর মা খালেদা বেগমও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মা-ছেলে দুজনই মনোনয়নপত্র জমা দিলেও তাঁরা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকবেন না বলে জানিয়েছেন জুলফিকার হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কৌশলগত কারণে আমার মাকে ডামি হিসেবে প্রার্থী করিয়েছি। কোনো কারণে যদি আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, সে জন্যই মাকে ডামি প্রার্থী করেছি। আমার প্রার্থিতা টিকে গেলে মা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’

এই ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. মহিদুল ইসলাম। এ ছাড়া এখানে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১১ জন, জাতীয় পার্টি মনোনীত ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২ জন ও ৩ জন নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৪৯ জন স্বতন্ত্র প্রার্থী আছেন।

পুরো বিষয়টি ক্ষমতাকেন্দ্রিক পারিবারিক রাজনীতির ‘বাজে উদাহরণ’ হিসেবে মনে করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সভাপতি মাসুদার রহমান হেলাল।

তিনি প্রথম আলোকে বলেন, রাজনীতিতে পারিবারিক কালচার এখন রীতিতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ পদ থেকে তৃণমূল—সব জায়গাতেই এখন ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসুস্থ প্রতিযোগিতা চলছে। স্থানীয় সরকারের এই নির্বাচনেও এটি থেকে বের হয়ে আসা যাচ্ছে না। এই কালচারের কারণেই নেতা মারা গেলে স্ত্রী-পুত্র সাংসদ হচ্ছেন, মন্ত্রীর পদ পেয়ে যাচ্ছেন। আবার কোথাও মনোনয়ন বাতিলের শঙ্কায় স্ত্রী, ছেলে, বাবা, মা কিংবা ভাইকে ডামি প্রার্থী করা হচ্ছে। এতে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীরা চেয়ারম্যান পদে আসতে পারছেন না।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১১ জন, জাতীয় পার্টি মনোনীত ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২ জন ও ৩ জন নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৪৯ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭ জন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।