শিবগঞ্জে একই স্থানে আ.লীগ ও তাঁতী লীগের কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার একই স্থানে আওয়ামী লীগ ও তাঁতী লীগ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ অবস্থায় ওই এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।
এর পরিপ্রেক্ষিতে তাঁতী লীগের কর্মসূচি স্থগিত করে, আর উপজেলা আওয়ামী লীগ অন্য স্থানে কর্মসূচি আয়োজন করে। দলীয় নেতা-কর্মীরা বলেন, শিবগঞ্জ স্টেডিয়াম থেকে বেলা তিনটায় শোভাযাত্রা শুরু করার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা তাঁতী লীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ স্টেডিয়ামসহ তৎসংলগ্ন এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমাবেশ, মিটিং-মিছিল না করার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।
পরে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিক আল রাব্বি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ জরুরি নির্দেশনা জারি করা হয়।
শিবগঞ্জ তাঁতী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা জারির পরিপ্রেক্ষিতে তাঁতী লীগের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খান বলেন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শোভাযাত্রা করেন নেতা-কর্মীরা। এরপর শিবগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়।