শিবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ও ইসরাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
নিহত ওই স্কুলছাত্রীর নাম মুনিরা খাতুন (১১)। সে ওই গ্রামের মমিন আলীর মেয়ে ও পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে মুনিরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের পুখুরিয়া এলাকায় পৌঁছালে মুনিরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক পার হতে গেলে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুপুর পৌনে দুইটার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঘটনাস্থল ও ইসরাইল মোড় এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, দুর্ঘটনা ও সড়ক অবরোধের খবর পেয়ে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁরা নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
জোবায়ের আহাম্মদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।