শিবগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ হারালেন ইজিবাইকের দুই যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাঁশবাজারে আজ শনিবার ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী শিবগঞ্জের চক ঘোড়াপাখিয়া গ্রামের মো. আসিক আলীকে (৩৩) আটক করেছে পুলিশ।

নিহত যাত্রীরা হলেন শিবগঞ্জ উপজেলার সন্নাসী গ্রামের আবু সাঈদের স্ত্রী রেনুয়ারা বেগম (৫৫) ও পারদিলালপুর গ্রামের মো. হারুন (২৬)।ৎ

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আজ সকাল ৯টার দিকে কানসাট বাঁশবাজার মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাক একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যান রেনুয়ারা বেগম ও মো. হারুন। এ ঘটনায় শিবগঞ্জের ধোবড়া গ্রামের মো. আলমের ছেলে মো. সাইফুল (২৫), আরগাড়াহাট গ্রামের মো. জাহিদুলের ছেলে মো. ওয়েহেদুল (৩০) ও নিহত রেনুয়ারা বেগমের ছেলে মো. আহম্মেদ (১৯) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওয়েহেদুল ও মো. সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মো. আহম্মেদ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী মো. আসিক আলী ও ট্রাকটি আটক করা হয়েছে।