শিবগঞ্জে ডিবির কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে  শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাড়ে আটটার দিকে উপজেলার বুড়িগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার শরিফুল ইসলামের বাড়ি শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাগ্রামে। পুলিশ তাঁর কাছ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা শাখার (ডিবি) ভুয়া পরিচয়পত্র জব্দ করেছে।
ভুয়া গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের নুর ইসলামের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার রাতে নুর ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার এজাহার ও শিবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম ২৪ মে কুড়াহার মণ্ডলপাড়া গ্রামের নুর ইসলামের বাড়িতে গিয়ে নিজেকে ডিবির কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তাঁর কোমরে গোয়েন্দা পুলিশের পরিচয়পত্রও ঝোলান ছিল। গোয়েন্দা  পুলিশের কর্মকর্তা ভেবে নুর ইসলাম ঘরে বসতে দিয়ে তাঁকে আপ্যায়ন করেন।

একপর্যায়ে নুর ইসলাম, তাঁর স্ত্রী  জিন্নাহ বেগম (৪০), দুই ছেলে নাসির হক (২৪) ও নাজমুল হক (১২) ও পুত্রবধূ ছাবিনা ইয়াসমিনকে (২০)  জিম্মি করে চোরাই মালামাল আছে বলে শরিফুল তাঁদের ভয়ভীতি দেখান। আশপাশে ডিবি পুলিশের আরও সদস্য আছে, এমন কথা বলে নুর ইসলামকে আটক ও বাড়ির মালামাল গাড়িতে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন শফিকুল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নুর ইসলামের বাড়িতে থাকা অবস্থায় শরিফুল ইসলাম তাঁকে বলেন, নগদ ২০ হাজার টাকা পেলে তিনি তাঁকে (নুর  ইসলাম) ছেড়ে দেবেন। ঝামেলার ভয়ে নুর ইসলাম তাৎক্ষণিক ১৫ হাজার এবং পরে আরও ৩ হাজার টাকা শরিফুলকে দেন। কিন্তু শরিফুল গ্রেপ্তারের ভয় দেখিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। পরে মনোয়ার হোসেন নামের এক প্রতিবেশী শরিফুলকে চিনতে পেরে তিনি যে ডিবির ভুয়া কর্মকর্তা, সেই তথ্য নুর ইসলামকে জানিয়ে  দেন।

পরে এ ঘটনায় নুর ইসলাম বৃহস্পতিবার থানায় গিয়ে শরিফুলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ  তাৎক্ষণিক অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে বুড়িগঞ্জ এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে সিআইডি ও ডিবি পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।