শিবগঞ্জে দুই দিনব্যাপী আম সম্মেলন শুরু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজারবাগানে অবস্থিত বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে দুই দিনব্যাপী আম সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ভার্চ্যুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা আমচাষি, আম ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তাসহ প্রায় দুই হাজার মানুষের সমাগম ঘটে। এতে বারোমাসি আম, নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন আমজাত পণ্য, আম উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির বালাইনাশকসহ নানা পণ্যের ৭৫টি স্টল বসেছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। বাংলাদেশ দানাজাতীয় খাদ্য চাল ও গমে অনেকটা স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে।
আবদুর রাজ্জাক আরও বলেন, দেশের সব থেকে জনপ্রিয় ও সুস্বাদু ফল আম। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সবাই আম খেতে পছন্দ করেন। যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা অন্য মিষ্টি না খেলেও আমের স্বাদ নিয়ে থাকেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ সামিল উদ্দিন আহমেদ, সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, আম উদ্যোক্তা আহসান হাবিব, ইসমাইল খান প্রমুখ।