শিবগঞ্জে দুটি দোকান সম্পূর্ণ, পাঁচটি আংশিক পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে আরও পাঁচটি দোকানের। জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত।
বাজারের সাত-আটজন বাসিন্দা বলেন, শুক্রবার রাত আটটার দিকে বাজারের নওশিন এন্টারপ্রাইজে আগুন লাগে। এ দোকানে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। আগুন লাগার পর প্রথমে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপর মুহুর্মুহু আওয়াজ হতে থাকে। আতঙ্কিত এলাকাবাসী ঘর ছেড়ে বেরিয়ে আসে। তবে আগুনের তীব্রতার কারণে কেউ কাছে ঘেঁষতে পারেননি। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাবাসীর সহায়তায় তাঁরা প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি ৩৫টির মতো বিকট শব্দ শুনেছি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মানুষ ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান নেয়।’
বিস্ফোরক পরিদপ্তর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নওশিন এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজার রহমান। তিনি দীর্ঘদিন দোকানে মেশিন বসিয়ে পেট্রল, ডিজেল বিক্রি করে আসছিলেন। কিন্তু গত ২৪ মার্চ তাঁর পেট্রোলিয়াম মজুতের লাইসেন্স বাতিল হয়। এরপরও ওই দেকানে পেট্রল, ডিজেল, কেরোসিন ও গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্যাসভর্তি সিলিন্ডার বিক্রির সময় একটিতে ফুটা দেখা দেয়। সেটি সিগারেটের আগুনের সংস্পর্শে এলে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের একটি কীটনাশকের দোকান পুড়ে যায়। এ দোকানেও অনেকগুলো গ্যাসের সিলিন্ডার ছিল। আংশিক ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকানের মধ্যে তিনটি ওষুধের দোকান, একটি সুতার ও আরেকটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, চারদিকে আগুনে পোড়া। মেঝেতে পড়ে রয়েছে বিভিন্ন সামগ্রীর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। আশপাশে উৎসুক মানুষের জটলা। তবে দোকানমালিকদের কাউকে পাওয়া যায়নি।
রাজশাহী বিভাগীয় বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আসাদুল ইসলাম গতকাল শিবগঞ্জ থানায় নওশিন এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।