শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গুড়িপাড়া গ্রামে ওই ব্যক্তির বাড়ি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
আহত ওই ব্যক্তির নাম আবদুর রশিদ (৪৮)। তিনি ওই এলাকার সাজ্জাদ আলীর ছেলে। এ ঘটনায় আবদুর রশিদের স্ত্রী জুলেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ।
আবদুর রশিদের ছোট ভাই মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, সকালে জুলেখা বেগমের চিৎকার শুনে তাঁরা ভাইয়ের বাড়িতে ছুটে যান। এ সময় গলায় গুরুতর আহত অবস্থায় আবদুর রশিদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আজ বিকেল চারটা পর্যন্ত আবদুর রশিদের জ্ঞান ফেরেনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলেখা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। আবদুর রশিদের জ্ঞান ফিরলে তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে। আবদুর রশিদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।