শিবগঞ্জে নকল ওষুধ তৈরির অপরাধে কারখানার মালিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম ও লিচুগাছে প্রয়োগের জন্য হরমোনজাতীয় নকল ওষুধ তৈরির অপরাধে এক কারখানামালিককে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাটের বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৫৯ ব্যাটালিয়নকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি এ অভিযান পরিচালনা করেন। দণ্ড পাওয়া কারখানামালিকের নাম বানী ইসরাইল (৩৩)। তিনি উপজেলার বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামের লায়োশ উদ্দিনের ছেলে।

ইউএনও সাকিব-আল-রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত উপজেলার কানসাট, সোনামসজিদ, কিরণগঞ্জ ও জমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে তল্লাশি চালিয়ে নকল ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হরমোনজাতীয় ওষুধের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধ তৈরি করার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।