শিবগঞ্জে নৌকা পেয়েও মাঠ ছাড়লেন ওয়াসিম, নতুন প্রার্থী আহসান
পঞ্চম ধাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও নির্বাচনী মাঠ ছেড়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ওয়াসিম রেজা চৌধুরী ওরফে রাজা চৌধুরী।
আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে ওয়াসিম রেজা চৌধুরীর বদলে আরেক মনোনয়নপ্রত্যাশী আহসান হাবিব ওরফে সবুজকে মোকামতলা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার নৌকার মনোনয়ন প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণে ব্যক্তিগত অক্ষমতার কথা জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন ওয়াসিম রেজা। তিনি মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে আহসান হাবিব শিবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তবে একটি ঘটনার জেরে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার পর তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের পদ পান।
ওয়াসিম রেজা চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারও চাপে পড়ে নয়, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নৌকা পাওয়ার পরও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের অক্ষমতার কথা জানিয়ে রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে দলীয় প্রার্থিতা প্রত্যাহার করে অন্য কাউকে নৌকার প্রার্থী করার জন্য লিখিত আবেদন করেছিলেন। কেন্দ্র আবেদন আমলে নিয়ে তাঁর বদলে আহসান হাবিবকে নৌকার প্রার্থী ঘোষণা করেছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মোকামতলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছিলেন ওয়াসিম রেজা চৌধুরী, আহসান হাবিব ও মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। জেলা আওয়ামী লীগ থেকে পাঠানো দলীয় মনোনয়ন তালিকায় আহসান হাবীবকে ১ নম্বর তালিকায় থাকলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ওয়াসিম রেজা চৌধুরীকে গত বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা দেন। এর দুই দিন পর ঢাকায় গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন ওয়াসিম রেজা চৌধুরী।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক কর্মী-সমর্থক অভিযোগ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণ অজুহাতমাত্র। এসব সমস্যা হলে তিনি দলীয় মনোনয়নের জন্য আবেদনই করতেন না। আসলে এর নেপথ্যে আছে দলের প্রভাবশালী অংশের হাত। এই অংশের পছন্দের প্রার্থী ছিলেন আহসান হাবিব। কিন্তু কেন্দ্র দলীয় মনোনয়ন দেয় ওয়াসিম রেজা চৌধুরীকে। পছন্দের নেতা নৌকা প্রতীক না পাওয়ায় নাখোশ হয় দলের প্রভাবশালী অংশটি। তারা ভিন্ন কৌশলের আশ্রয় নেয়। চাপে ফেলে ও অর্থের লোভ দেখিয়ে কৌশলে ওয়াসিম রেজাকে মাঠ ছেড়ে যেতে বাধ্য করে। প্রভাবশালী অংশের চাপেই ওয়াসিম রেজা ঢাকায় গিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
অবশ্য এসব বিষয়ে ওয়াসিম রেজা চৌধুরী স্পষ্ট করে বলেন, অর্থের বিনিময় বা কারও চাপে পড়ে নয়, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নৌকা ফেরত দিতে হয়েছে।