শিবগঞ্জে বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে যুবককে ‘পিটিয়ে হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

বনভোজনের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার রহমান (৩৬) নাটমরিচাই পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি পেশায় নির্মাণশ্রমিক। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও আতোয়ার রহমানের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটমরিচা গ্রামের আতোয়ারসহ অন্য যুবকেরা বনভোজনে যাওয়ায় জন্য গ্রামের রাস্তায় একটি ব্যানার টাঙিয়েছিল। ব্যানারটি কে বা কারা ছিঁড়ে ফেলে। ব্যানার ছেঁড়ার কারণে আয়োজকেরা একই গ্রামের কাজল ও তাজেল নামের দুই শিক্ষার্থীকে দোষারোপ করে। শুক্রবার রাত আটটার দিকে বাবা নাজমুল হোসেন ও মা আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে আতোয়ারের বাড়িতে যান ওই দুই শিক্ষার্থী। আতোয়ারকে দেখামাত্রই তাঁকে রড দিয়ে পেটাতে থাকে তাঁরা। রডের আঘাতে মাথায় জখম হয় আতোয়ারের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আতোয়ারের বাবা বুলু আকন্দ অভিযোগ করেন, শুক্রবার জুমার নামাজের পর তাজেলসহ তাঁর সঙ্গীরা বনভোজনের ব্যানার ছিঁড়ে ফেলে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রাত সাড়ে আটটার দিকে বাবা-মা ও অন্য কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে চিৎকার–চেঁচামেচি করেন তাঁরা। এ সময় বাগ্‌বিতণ্ডার জেরে রড দিয়ে আতোয়ারের মাথায় আঘাত করেন তাঁরা। রড দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করায় আতোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু নিশ্চিত করে নাজমুল ও আনোয়ারা দম্পতি তাঁদের ছেলেদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি নাজমুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী আনোয়ারাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।