শিবগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
বগুড়ার শিবগঞ্জে বিএনপির নেতা শহিদুল ইসলাম (৫০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এ ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শিবগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার কিচক বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম নিহত হন। তিনি বিএনপির কিচক বন্দর শাখা ও কিচক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি নিহত ব্যক্তির বড় ভাই আনিছুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াকুব আলীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় শ্রমিক লীগের সমর্থক ও শহিদুলের শ্যালক আমিরুল ইসলাম এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামি ও তাঁর এক সহযোগী ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক চাপে পুলিশ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করছে না বলে তাঁরা দাবি করেন।
শহিদুলের চাচাতো ভাই ও বগুড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ বলেন, শহিদুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটা কোনো ‘ক্লুলেস’ হত্যাকাণ্ড নয়। পুলিশ চাইলেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব। অথচ এখন পর্যন্ত প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়ছে না।
সমাবেশে আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডল, সহসভাপতি ইজান আলী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহসাধারণ সম্পাদক সেলিম খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেত–কর্মীরা অবরোধ তুলে নেন।
জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, শহিদুল হত্যার প্রতিবাদে কিচক বন্দরে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে ওসি দীপক কুমার বলেন, শহিদুল হত্যা মামলার প্রধান আসামিরা আত্মগোপনে আছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।