শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধূর নাম তানজিলা বেগম (২৬)। গ্রেপ্তার তাঁর স্বামী হলেন মোহাম্মদ মধু (২৮)।
পরিবার ও স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, মোহাম্মদ মধু ও তাঁর স্ত্রী তানজিলা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার রাত ৯টার দিকে মধু বাড়িতে আসেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে মধু ছুরি দিয়ে তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।
বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা মধুকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ও মধুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মধুকে আসামি করে হত্যা মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মধু। আর ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের সংসারে দুই ছেলে আছে।