শিবচরে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর ইউপির চেয়ারম্যান বাবুল ফকিরসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল ফকিরসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত থাকায় চেয়ারম্যানসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান বাবুল ফকির ও তাঁর চাচাতো ভাই রাসেল ফকিরের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব। গত শনিবার ন্যায্যমূল্যের চাল দেওয়ার সময় বাবুলের সমর্থক ফিরোজ ফকিরের সঙ্গে রাসেলের কথা–কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে ওই দিনই দুজনের মধ্যে মারামারি হয়। রোববার সকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার সূত্র ধরেই গতকাল রোববার রাতে ইউনিয়নের কাজীরমোড় এলাকায় চেয়ারম্যান বাবুল ফকির, তাঁর ছেলে সুমনসহ অন্যরা ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এ সময় সুমন বাইরে বের হলে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যানসহ অন্যরা এগিয়ে গেলে তাঁরাও গুরুতর জখম হন।

এ ঘটনায় রাত ১১টার দিকে আহত পাঁচজনকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ইউপি চেয়ারম্যান, তাঁর ছেলে সুমনসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অবস্থায় ইউপি চেয়ারম্যান বাবুল ফকির বলেন, রাসেল, আকবরসহ অনেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ছেলে সুমনের ওপর হামলা চালায়। ছেলের প্রাণ বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁর ওপরও হামলা করেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে রাসেল ফকির বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার সময় আমি ছিলাম না। এই গন্ডগোলের সূত্রপাত ওরা আগে করেছে। চেয়ারম্যানের ছেলে আগে আমার লোককে মারছে। পরে আমিও ওদের এক লোককে থাপ্পড় দিছি। ওরা থানায় অভিযোগ দেওয়ায় আমি সরে গিয়েছিলাম। আমার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালাতে যাওয়ায় সেই পক্ষ ঘটনাটি ঘটাতে পারে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাকিব হোসেন বলেন, হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন আজ সোমবার বলেন, চেয়ারম্যান ও তাঁর চাচাতো ভাইয়ের মধ্যে আরও আগে থেকেই দ্বন্দ্ব লেগে ছিল। এর জেরে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে চেয়ারম্যানের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় মামলা করতে কেউ আসেননি। তাঁরা এলে মামলা নেওয়া হবে।