শিবচরে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে নিহত শ্রমিক লীগ নেতা আবু বকর ফকির।
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আগে রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত শ্রমিক লীগ নেতা আবু বকর ফকির (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত আবু বকর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার অনুষ্ঠিত হয় মাদবরেরচর ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের আগের দিন গত রোববার রাতে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইউসুফ সরদারের সমর্থকেরা সাড়ে সতেররশি এলাকায় প্রচার চালাতে যান। একই স্থানে প্রতিপক্ষ সদস্য প্রার্থী আজিজুল সরদারের লোকজন ইউসুফ সরদারের সমর্থকদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ইউসুফ সরদারের সমর্থকেরা আবু বকরের পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে আবু বকরকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা মেডিকেল আইসিইউ শয্যা খালি না থাকায় তাঁকে নেওয়া হয় আজগর আলী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

স্থানীয় লোকজনের ভাষ্য, আবু বকর নির্বাচনে বিজয়ী আজিজুল সরদারের সমর্থক ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পক্ষের লোকজন ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুরো এলাকা থমথমে। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে আহত শ্রমিক লীগ নেতা গতকাল রাতে মারা গেছেন। তাঁর লাশ গেন্ডারিয়া থানা–পুলিশের তত্ত্বাবধায়নে ময়নাতদন্ত করা হবে। পরে বাড়িতে নিয়ে দাফন করা হবে। এ ঘটনায় নিহতের ভাই কামাল ফকির বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে ১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকায় যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।