শিবচরে কঠোর প্রশাসন, কর্মহীন সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরুদ্ধ শিবচরে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। রোববার দুপুরে শিবচর বাজারের পাশের সড়কের দৃশ্য। শিবচর, মাদারীপুর। ছবি: প্রথম আলো
অবরুদ্ধ শিবচরে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। রোববার দুপুরে শিবচর বাজারের পাশের সড়কের দৃশ্য। শিবচর, মাদারীপুর। ছবি: প্রথম আলো

করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী–অধ্যুষিত মাদারীপুরের শিবচর উপজেলায় আরও কঠোর হচ্ছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টাই মাঠে রয়েছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি এলাকায় বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের এই কঠোর নজরদারি ও করোনার আতঙ্কে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ।

এর আগে গতকাল শনিবার ৬টি এলাকার ৭৮ হাজার মানুষকে পুলিশ ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারিতে রাখে। উপজেলাটিকে করোনাভাইরাসের সংক্রমণমুক্ত করতে ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে শনিবার থেকে ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি থাকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। লোকজন ঘর থেকে খুব কম বের হচ্ছে।

গত শুক্রবার থেকে প্রশাসনের কঠোর নজরদারি থাকায় শিবচরে খাবার ও ওষুধ ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলার অভ্যন্তরীণ সব সড়ক পথে গণপরিবহন বন্ধ রয়েছে। সড়কে বের হওয়া জনগণকে হোম কোয়ারেন্টিন মেনে চলতে অনুরোধও করছে প্রশাসন।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি মাদারীপুর জেলায় ৩ হাজার প্রবাসীর মধ্যে শিবচর উপজেলায় ৬৮৪ জন ইতালিসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। জেলায় মোট ২৯৮ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে শিবচরেই ১৭৩ জন। সদর হাসপাতালে তিনজন আইসোলেশন ও তিনজন কোয়ারেন্টিনে আছেন। এর আগে গত শুক্রবার বিকেলে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে একজনকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এ পর্যন্ত আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সবাই শিবচরের বাসিন্দা। এমনকি সারা দেশে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে শিবচর উপজেলায় একই পরিবারের আট সদস্যসহ নয়জন রয়েছেন।

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ ১৮টি স্থানে পুলিশের ৩ থেকে ৪ জন করে মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকার মানুষদের খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দিচ্ছে না। আর প্রবাসীদের ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে। শিবচর বাজার পর্যবেক্ষণে দুটি স্থানে আলাদাভাবে রয়েছেন পুলিশ সদস্যরা। পুরো উপজেলাই এখন পুলিশি পাহারায়। নির্ধারিত ছয়টি স্থানের মানুষের মধ্যে বেশির ভাগই ঘরে বন্দী। কেউ কেউ ঘর থেকে বের হলেও মাস্ক ব্যবহার করছেন। বাজারগুলোতে দোকানপাট প্রায় সবই বন্ধ। রাস্তাঘাটে মানুষ বা যানবাহন হাতেগোনা। পুলিশ ও উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ দল প্রতিনিয়ত এলাকা পরিদর্শন করছে। গণপরিবহন চলাচলে বিধিনিষেধ থাকার পরও লেগুনা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চলাচল করছে। তবে এগুলোর সংখ্যা খুব বেশি নয়।

বহেরাতলা এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘চারদিকে করোনার কথা শুনি। আর কত দিন এমনে চলব? আবার কবে নাগাদ স্বাভাবিক জীবন যাপন করতে পারুম। আমরা এই করোনার আতঙ্ক থেকে মুক্তি চাই।’

স্থানীয় ভ্যানচালক বিপুল রায় বলেন, ‘ঘর থেকে বের না হওয়ার কথা শুনেছি। কিন্তু পেটের দায়ে ভ্যান নিয়ে ঘর থেকে বের হয়েছি। দেখি কোনো যাত্রী পাই কি না? কিন্তু এলাকায় তো কোনো লোকজনই নেই। প্রবাসীরা এখন আর এলাকায় ঘোরাঘুরি করেন না।’

এ বিষয়ে জানতে চাইলে জেলার সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের মোট ২৫০ সদস্য ১৮টি স্থানে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। গতকাল থেকে আজ রোববার আরও কঠোর অবস্থানে রয়েছি আমরা। ওই এলাকাগুলোর প্রবাসীরা যেন ঘর থেকে একদমই বের না হতে পারেন, তার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ আগে চেয়ে অনেক সতর্ক হয়েছেন। তাঁরা ঘর থেকে বের হচ্ছেন না। যাঁরা কথা শুনছে না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে খুবই করোনার ঝুঁকিতে রয়েছে মাদারীপুর। কী পরিস্থিতি হচ্ছে, তা আগাম বলা যাচ্ছে না। আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা মোকাবিলায় আমরা দলগতভাবে কাজ করছি। শিবচর উপজেলাকে আমাদের বিশেষ নজরদারিতে রেখেছি। আশা করছি, এ পরিস্থিতি আমরা দ্রুতই কাটিয়ে উঠব।’