শিবচরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম নাহিদ শেখ। তাঁর বাড়ি উপজেলার বন্দরখোলা ইউনিয়নে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গতকাল রাত ১০টার দিকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরী শিবচর থানায় নাহিদ শেখ ও তাঁর বন্ধু আরিফ হাওলাদারকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই কিশোরী বাড়ির পাশে একটি বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে নাহিদ শেখ ও তাঁর বন্ধু আরিফ হাওলাদার মোটরসাইকেল নিয়ে এসে তাঁকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে নির্জন কলাবাগানে নিয়ে যান। সেখানে আরিফের পাহারায় নাহিদ মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাহিদ ও আরিফ পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। সন্ধ্যার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
ওই কিশোরীর ভাই বলেন, ‘আমার ছোট বোন স্কুলে আসা-যাওয়ার পথে নাহিদ প্রায় উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে নাহিদ ও তার পরিবারকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। নাহিদ এলাকায় মাদক বেচাকেনা ও নেশা করে। কাউকে মেনে চলে না। আমার বোনকে যে এত বড় ক্ষতি করল, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’
অভিযোগের বিষয়ে নাহিদের বাবা বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণেই তারা আগে-পরেও মেলামেশা করেছে। এখানে আমার ছেলে একক কোনো দোষ নাই। ধর্ষণের কথা বলে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, মেয়েটি এখনো ভয়ভীতির মধ্যে আছে। মেয়েটির পরিবারকে সব আইনি সুবিধা দেওয়া হবে। গতকাল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।