শিবচরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
মাদারীপুরের শিবচরের বালুবাহী একটি ট্রাকের চাপায় মো. মিশন নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের বিসাইমৃধাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিশন একই এলাকার মিঠু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিকেল চারটার দিকে বিসাইমৃধাকান্দি এলাকার (আড়িয়াল খাঁ নদের পুরোনো ফেরিঘাট) একটি খোলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল মিশন। খেলা শেষে মিশন গ্রামীণ একটি সড়ক ধরে বাড়িতে যাচ্ছিল। এ সময় পাঁচ্চর এলাকার বালু ব্যবসায়ী শহীদ মৃধার বালু বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মিশনকে পেছন থেকে এসে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশনকে মৃত ঘোষণা করেন।
পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, বালু বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক ঘটনার পরই পালিয়ে গেছেন। এ বিষয়ে ওই শিশুর পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।