শিবচরে নৌ দুর্ঘটনায় নিহত চারজন মেহেন্দীগঞ্জের, চলছে মাতম

পদ্মায় নোঙর করে রাখা বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যাওয়া স্পিডবোট। আজ সোমবার দুপুরে বাংলাবাজার ফেরিঘাটে
ছবি: অজয় কুন্ডু

মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় স্পিডবোটের নিহত ব্যক্তিদের মধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জের চার ব্যবসায়ী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন আপন ভাই। তাঁরা হলেন উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বষট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী রিয়াজ ব্যাপারী (৩০) ও সাইফুল ব্যাপারী (২৮)। আজ সোমবার শিবচরের কাঁঠালবাড়ি পুরোনো ঘাটে এ দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

নৌ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দীগঞ্জের অপর দুজন হলেন উলানিয়া ইউনিয়নের পূর্বষট্টি গ্রামের তৈরি পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০) এবং পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি (৩৫)।

আরও পড়ুন

নিহত রিয়াজ ও সাইফুল ব্যাপারীর বড় ভাই আজাদ ব্যাপারী প্রথম আলোকে বলেন, ঈদ সামনে রেখে দুই ভাই দোকানের মালামাল কেনার জন্য বাড়ি থেকে আজ সোমবার খুব ভোরে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুই ভাইয়ের সঙ্গে স্থানীয় বোরকা ও তৈরি পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলামও ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃতদের নামের মধ্যে তাঁর দুই ভাই ও সঙ্গে থাকা সাইফুলের নাম দেখতে পান। এরপর তিনি শিবচর থানায় যোগাযোগ করলে পুলিশ তাঁর দুই ভাইসহ তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করে।

আজাদ ব্যাপারী আরও বলেন, তাঁর ভাই রিয়াজের দুটি মেয়ে আছে। আর ছোট ভাই সাইফুল তিন মাস আগে বিয়ে করেছেন। মৃত্যুর খবর পেয়ে বাড়িতে মাতম চলছে। লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য তিনি বিকেলে শিবচরের উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও পড়ুন

উলানিয়ার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ আলী বলেন, পূর্বষট্টি গ্রামের তিনজন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁদের লাশ বাড়িতে নিয়ে আসার জন্য পরিবারের সদস্যরা শিবচরের উদ্দেশে বিকেলে রওনা হয়েছেন। তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম শোকাচ্ছন্ন।

অন্যদিকে উপজেলার পাতারহাট বন্দরের ব্যবসায়ী সুমন ফরাজি বলেন, পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরের মুদি দোকানি মনির চাপরাশি (৩৫) পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয়েছেন। মা–বাবার একমাত্র সন্তান মনির। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। ফেসবুকে ছবি দেখে তাঁরা মনিরের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছেন। শিবচরের পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুর খবরে মনিরের মা–বাবা কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। স্ত্রীও শোকে পাগলপ্রায়।

আরও পড়ুন

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় নিহত ব্যক্তিদের মধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চার ব্যবসায়ী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শিবচর থানার পুলিশ ও স্বজনদের মাধ্যমে তাঁরা বিষয়টি নিশ্চিত হয়েছেন। স্বজনেরা লাশ আনার জন্য শিবচরের উদ্দেশে রওনা হয়ে গেছেন।

সোমবার সকাল সাতটায় মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন