শিবচরে মা ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলের ১ বছর করে কারাদণ্ড
মাদারীপুরের শিবচরে মা ইলিশ শিকারের দায়ে ৩৩ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিবাগত রাত তিনটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে ভ্রাম্যমাণ আদালত ও শিবচর থানা-পুলিশের একটি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করার সময় ৩৩ জেলেকে নদী থেকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক বছর করে সাজা দেওয়া হয়। হয়। এ সময় জব্দ হওয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ইলিশের প্রজননমৌসুমে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ওই জেলেদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় পদ্মায় নিয়মিত অভিযান চলমান বলে জানান তিনি।