শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে বাংলাবাজার ঘাটসংলগ্ন পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন। নিহত ব্যক্তির নাম সেকান্দার মুনশি। তিনি ওই মাহিন্দ্রাটির চালক ছিলেন। তাঁর বাড়ি মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাংলাবাজার ঘাট এলাকা থেকে সেকান্দার মুনশি তাঁর মাহিন্দ্রায় যাত্রী নিয়ে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের অ্যাপ্রোচওয়ের ৫ নম্বর সেতুর নিচে সংযোগ সড়কে প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাহিন্দ্রার চালকসহ তিন যাত্রী। তাঁদের উদ্ধার করে পাঁচ্চরের বেসরকারি রয়েল হাসপাতালে নিলে চিকিৎসক সেকান্দার মুনশিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য দুই যাত্রী আরিফুল ইসলাম ও ফরিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘থ্রি হুইলার-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা গাড়ি দুটিকে জব্দ করেছি। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।’