শিবপুরে নদীতে ভেসে উঠল নারীর লাশ

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে কয়রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শিবপুরের জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় ওই নারীর লাশ ভেসে ওঠে।

নিহত ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছর। লাশ উদ্ধারের সময় ওই নারীর পরনে ছিল লাল রঙের জামা ও ছাই রঙের বোরকা। পুলিশের ধারণা, পাঁচ-সাত দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে দড়িপুরা গ্রামে কয়রা নদীতে স্থানীয় লোকজন একটি লাশ ভেসে উঠতে দেখেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

শিবপুর থানার উপপরিদর্শক আবদুস সোবহান বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ওই নারীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর পরিচয় পাওয়া গেলে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ওই লাশ দাফনের ব্যবস্থা করা হবে।