শিবপুরে পুকুরপাড় থেকে অজ্ঞাতনামা যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে রাস্তাসংলগ্ন একটি নির্জন পুকুরপাড়ের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নামাপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আাজ শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান আহমেদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৬ বছর। তাঁর পরনে ছিল কালো চেকের ফুল হাতা শার্ট ও নেভি ব্লু রঙের ট্রাউজার। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, আজ সকালে শিবপুরের রাস্তা ধরে যাওয়ার সময় কয়েকজন পথচারী পুকুরসংলগ্ন স্থানটিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান তাঁরা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের মধ্য থেকে একজন সকাল ১০টায় শিবপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান আহমেদ দুপুর ১২টায় ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করেন।

এসআই মো. ইমরান আহমেদ জানান, নিহত যুবকের বুক, পেট, গলা ও হাতসহ শরীরের অন্তত পাঁচ জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ ওই নির্জন স্থানে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হলো, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।