শিবপুরে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
নরসিংদীর শিবপুরের পুটিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার নির্মাণাধীন বিসিক শিল্পনগরীর ভেতরের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম লিমন মিয়া (৯) ও জুনায়েদ মিয়া (৭)। লিমন মিয়া শিবপুরের মুন্সেফের চর এলাকার রিপন মিয়ার ছেলে। আর জুনায়েদ মিয়া একই এলাকার কিরণ মিয়ার ছেলে।
নিহত দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ দুপুরে লিমন ও জুনায়েদ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা দুজন আরও কয়েকটি শিশুর সঙ্গে সৈয়দনগর এলাকার নির্মাণাধীন বিসিক শিল্পনগরীর ভেতরের বালুর মাঠে খেলা করছিল।
একপর্যায়ে তারা দুজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। পরে বিকেল পাঁচটার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থলে স্বজনদের কান্নার রোল পড়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি জানান, দুপুরে ওই দুই শিশু হয়তো পুকুরটিতে গোসল করতে নেমেছিল। বিকেল পাঁচটার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।