শিবপুরে বাসচাপায় প্রাণ গেল পথচারী কৃষকের
নরসিংদীর শিবপুর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্বাস আলী (৬০)। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি চাষাবাদ করতেন।
হাইওয়ে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সকালে আব্বাস আলী বাড়ি থেকে বের হয়েছিলেন নরসিংদী শহরের উদ্দেশে। সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর নরসিংদীগামী বাসে ওঠার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস তাঁকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটক করে রাখেন।
এই ঘটনায় আব্বাস আলী গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান বলেন, আব্বাস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পরপরই উত্তেজিত হয়ে স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটকে রাখেন। পরে ওই বাস ও এর চালককে ফাঁড়িতে আনা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।