শিবপুরে বাসের চাপায় সাইকেল আরোহী নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় সাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আমজাদ হোসেন (৩০)। তিনি শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের বেনু মিয়ার ছেলে। তিনি পুটিয়ার কারারচর এলাকায় প্রতিষ্ঠিত থার্মেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আমজাদ হোসেন একটি সাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে তাঁর কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকা অতিক্রম করার সময় যাত্রীবাহী বাস সাইকেলটিকে চাপ দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো আজও সাইকেলে করে কাজে যাচ্ছিলেন আমজাদ। যাত্রীবাহী একটি বাস তাঁর সাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আমজাদের লাশ বাড়িতে নিয়ে আসেন তাঁর স্বজনেরা।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহী বাসের চাপায় এক সাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ পায়নি।