শিবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিসিক কর্মকর্তা নিহত
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বিসিক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই কর্মকর্তার নাম মো. মোশারফ হোসেন (৫৪)। তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় অবস্থিত কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন। তিনি মনোহরদী উপজেলার লেবুতলা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও বিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মো. মোশারফ হোসেন তাঁর কর্মস্থলে কাজ শেষে মোটরসাইকেলে মনোহরদীতে বাড়িতে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের পুটিয়ার সৈয়দনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁর মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় ও ঘাড়ে আঘাত পান।
পরে স্থানীয় লোকজন মোশারফ হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন। পরে একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে নারায়ণগঞ্জের পাঁচরুখী এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে এনে রাখা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, ‘মহাসড়কে কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিল, তা জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আমাদের ফাঁড়িতে এনে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’