শিবালয়ে ইউপি নির্বাচনে ভোটারদের ভিড়, ভোট গ্রহণে ধীরগতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। এখানে শতভাগ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) পদ্ধতিতে নেওয়া হচ্ছে। তবে ইভিএম পদ্ধতিটি নতুন হওয়ায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এ নিয়ে কোনো কোনো ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন।
ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বেশির ভাগ কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।
আজ সকাল ৯টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে আধা ঘণ্টা পর ভোটারদের ভিড় দেখা যায়। এই কেন্দ্রের ভোটার মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ইভিএমে ভোট দিতে অনেক সময় লাগছে। পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোট দিতে পেরেছেন। কারও কারও আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়ে চলে গেছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ফারুক বলেন, এখানে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। এতে ভোটারদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। কেউ কেউ এই পদ্ধতি বুঝতে না পারায় তাঁদের সহযোগিতা করতে হচ্ছে। এতে ভোট গ্রহণের সময় কিছুটা বেশি লাগছে।
বেলা ১১টার দিকে উলাইল ইউপির কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পারায় অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রে আসা আসমা বেগম নামের এক ভোটার বলেন, ‘বাড়ির কাজ রাইখ্যা ভোট দিবার আইচি। দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়াইয়্যা আছি, এখনো ভোট দিতে পারি নাই।’
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ভোটারদের বুঝতে সমস্যা হচ্ছে। এ কারণে সময় বেশি লাগছে। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৯৭ জন। তিন ঘণ্টায় এখানে মাত্র ৩২৫ ভোট পড়েছে। অনেক বয়স্ক ও নারী ভোটারদের ভোট দিতে দেরি হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি ভালো।
সকাল সাড়ে ৯টার দিকে উথলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েও ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপে শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫১।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।