শিবালয়ে খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু
মানিকগঞ্জের শিবালয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল পাঁচ বছরের এক শিশু। আজ বুধবার দুপুরে উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় একটি প্রাইভেট কার চাপায় নিহত হয় শিশুটি। শিশুটির নাম সেলিম হোসেন। সে পাটুরিয়া ৫ নম্বর ঘাটসংলগ্ন তেঘুরি গ্রামের মোটরমেকানিক লাভলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে খেলতে বের হয় শিশু সেলিম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ফেরির টিকিট কাউন্টারের দিকে দ্রুত যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে ঘাটের দায়িত্বপ্রাপ্ত ও শিবালয় থানা–পুলিশ তার লাশ উদ্ধার করে। সঙ্গে ওই প্রাইভেট কারটিও জব্দ করে। এ ঘটনায় শিশুটির পরিবারে মাতম চলছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির বলেন, প্রাইভেট কারের চাপায় নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেট কারে থাকা চালক ও মালিক ঘাট এলাকায় গাড়িটি রেখে পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।