শিবালয়ে গৃহবধূকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে ওই ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া রেজাউল মণ্ডলের (৫০) বাড়ি শিবালয় উপজেলার নিহালপুর গ্রামে। তিনি আরিচাঘাট এলাকায় চা-পানের দোকান করতেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ অক্টোবর গৃহবধূ সালেহা বেগমকে (৩৫) বাড়ির পাশের আরিচাঘাট এলাকার আবহাওয়া কার্যালয়ের পাশে ডেকে নিয়ে যান রেজাউল মণ্ডল। এ সময় অনৈতিক প্রস্তাব দিলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এরপর পরনের শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে সালেহাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান রেজাউল মণ্ডল।

এ ঘটনায় পরদিন সালেহার ছোট ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে রেজাউল মণ্ডলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা করেন। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও শিবালয় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামি রেজাউল মণ্ডলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এপিপি নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাখাওয়াত হোসাইন খান। এপিপি নিরঞ্জন বসাক বলেন, সব সাক্ষ্য, তথ্য–উপাত্ত ও আলামতের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রেজাউল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারের দিন থেকে তাঁর সাজার মেয়াদ কার্যকর হবে।