শিবালয়ে জেলেদের জালে ৪৭ কেজির বাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের একটি বাগাড়
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে জেলেদের জালে ৪৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। উপজেলা মালুচি এলাকায় পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। আজ শুক্রবার সকালে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছটি ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

হরিরামপুরের বাল্লা এলাকার বাসিন্দা ও ঝিটকা বাজারের মাছ ব্যবসায়ী পচা হালদার ও তাপস হালদার বিক্রির জন্য ঝিটকা বাজারে নিয়ে আসেন। তাঁরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে শিবালয়ের আরিচার অদূরে নেহালপুর এলাকায় যমুনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন স্থানীয় কয়েক জেলে। রাত তিনটার দিকে জাল ওঠানোর সময় জেলেরা দেখেন, বিশাল আকৃতির এক বাগাড় মাছ। খবর পেয়ে আজ ভোরে মাছ ব্যবসায়ী পচা হালদার ও তাপস হালদার ওই জেলেদের কাছ থেকে ৪৭ কেজি ওজনের মাছটি কিনে নেন। এরপর তাঁরা মাছটি বিক্রির জন্য ঝিটকা বাজারে নিয়ে আসেন।

বাজারের বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন পর আজ এত বড় বাগাড় বাজারে ওঠায় উৎসুক অনেক ক্রেতা তা দেখতে আসেন। পরিমাপ করে দেখা হয়, মাছটির ওজন ৪৭ কেজি। তবে এককভাবে কেনার জন্য ক্রেতা না থাকায় ওই দুই মাছ ব্যবসায়ী মাছটি কেটে ভাগা দেন। এরপর প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, শিবালয় ও পাশে হরিরামপুরে যমুনা ও পদ্মা নদীতে ছোট-বড় বিভিন্ন মাছ ধরা পড়ছে। গত কয়েক মাসে হাতে গোনা কয়েকটি বড় মাছ পাওয়া গিয়েছে। তবে অনেক দিন পর এত বড় বাগাড় মাছটি পাওয়া গেছে। স্বাদের ভিন্নতা থাকায় এখানকার মাছের কদরও বেশি।