শিবালয়ে বাসচাপায় প্রাণ হারালেন এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া বেগম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে হাঁটতে বেরিয়ে বাসচাপায় এক নারীর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম (৫৮) উপজেলার মুশুরী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী ও দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুল আলমের শাশুড়ি।

হাইওয়ে পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে রোকেয়া বেগম বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগমের মৃত্যু হয়।

নিহত নারীর জামাতা মাহবুবুল আলম বলেন, পাটুরিয়া ঘাট থেকে ঢাকা পর্যন্ত সেলফি পরিবহনের শতাধিক বাস চলাচল করে। এই পরিবহনের বাসগুলো ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। এর আগেও এই পরিবহনের বাসচাপায় কয়েক ব্যক্তি নিহত হন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, নিহত নারীর লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব না হলেও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।