শিবালয়ে বাসের চাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন চাচা ও ভাতিজা। আজ মঙ্গলবার বিকেলে মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার কর্জনা গ্রামের আবদুল গণির ছেলে শফিকুল ইসলাম (৩৬) ও তাঁর চাচা রাজেন প্রধান (৪৫)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আজ বিকেলে মোটরসাইকেলে শফিকুল ও তাঁর চাচা রাজেন প্রধান মানিকগঞ্জ শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামীম আল মামুন বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।