শিবালয়ে বাসের চাপায় প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মহাসড়কের মহাদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী আবদুর রহমান (৩৫) ও আবদুর রাজ্জাক (৩০) এবং অটোরিকশাচালক চালক জাহিদ হোসেন (৩৫)। তাঁদের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় পাটুরিয়াগামী কমফোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুর রহমান ও রাজ্জাক নিহত হন। এ সময় গুরুতর আহত অটোরিকশাচালক জাহিদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ ও এর চালক ছাত্তার মোল্লাকে (৫৫) আটক করা হয়েছে।