শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
নোয়াখালী শহর থেকে ইসলামী ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের কৃষ্ণরামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল শনিবার নোয়াখালী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির। শিবিরের জেলা শাখার (উত্তর) সভাপতি মো. মায়াজ হরতালের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া শিবিরের নেতা-কর্মীরা হলেন শহর শাখার সভাপতি গিয়াস কামাল ওরফে সাজু (২৯), দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন (২৭), প্রচার সম্পাদক আহছান উল্লাহ (২৫), সদস্য মো. শামীম ওরফে ইউসুফ (২৪) ও কর্মী ইমতিয়াজ আহম্মেদ ওরফে বুলবুল (২৮)।
পুলিশের দাবি, অভিযান চালানো বাড়িটি থেকে দুটি এলজি, পাঁচটি পেট্রলবোমা, পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের ভাষ্য, ছাত্রশিবিরের কয়েকজন নেতা নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র, পেট্রলবোমা, ককটেল, জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের দাবি, শিবির নেতা গিয়াস কামালের বিরুদ্ধে থানায় ২০-২৫টি মামলা রয়েছে। এ ছাড়া ওই পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।