শিবিরের ৪৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকা থেকে শিবিরের ৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের পাশের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে বই, ব্যানার ও প্রচারপত্র জব্দ করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, জামায়াত-শিবিরের একটি দল বনভোজনের নামে শুক্রবার রাতে ওই রেস্তোরাঁয় মিলিত হয়। তাঁরা সেখানে নাশকতা ও হামলার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ২০-২৫ জন পালিয়ে যান। অন্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ১ জন শিক্ষকসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেন।

রেস্তোরাঁর পাশের আনসার সদস্য হুমায়ুন কবির বলেন, ওই রেস্তোরাঁয় শুক্রবার রাত থেকে বিভিন্ন লোকজন আসা-যাওয়া করছিলেন। সন্দেহ হলে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন উত্তরা আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আবুল হাসানাত। সেখানে শিবিরের ১২৫ জন নেতা-কর্মী এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, অভিযানকালে পুলিশ ২২টি ফাঁকা গুলি ছুড়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।