শিমুল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
বগুড়ার শেরপুরে শিমুলগাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান (৬০)। তাঁর বাড়ি উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের কদিমহাসড়া গ্রামে।
স্থানীয় তিনজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজুর রহমান এই মৌসুমে এলাকার বিভিন্ন শিমুলগাছ থেকে তুলা পেড়ে দেন। আজ সকালে হাফিজুর ঘোগা মধ্যপাড়া গ্রামের একটি শিমুলগাছে তুলা পাড়তে ওঠেন। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। হাফিজুর গাছের ডালে উঠে তুলা পাড়ার সময় গাছের একটি ডাল ভেঙে সঞ্চালন লাইনের সঙ্গে আটকে যায়।
বিদ্যুতের তারের সঙ্গে আটকে থাকা ডালটি সরানোর চেষ্টা করলে হাফিজুর বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা হাফিজুরের লাশটি উদ্ধার করেন।
শেরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নাদির হোসেন বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালনের তারে জড়িয়ে হাফিজুর রহমান বিদ্যৎস্পৃষ্ট হয়েছিলেন। আজ সকাল ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।