থেমে থেমে চলছে ৫টি ফেরি, ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে নাব্যতা-সংকটের কারণে ফরে চলাচল ব্যাহত। দুই ঘাটেই আটকে আছে শত শত গাড়ি। সম্প্রতি কাঁঠালবাড়ি ঘাট থেকে তোলা ছবি।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ভয়াবহ নাব্যতা-সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌপথে ১২টি ফেরি সচল থাকলেও বর্তমানে সীমিত যানবাহন নিয়ে থেমে থেমে চলছে মাত্র ৫টি ফেরি। ফেরিস্বল্পতায় ঘাটের উভয় পাড়েই আটকা পড়েছে শত শত যানবাহন। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই নৌপথে আসা যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। প্রতিটি লঞ্চ ও স্পিডবোট অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা পারাপার হচ্ছে। এ কারণে নৌপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। প্রতিটি লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা পারাপার হচ্ছে। এ কারণে নৌপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, বর্ষা মৌসুমের শুরু থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের পদ্মা নদীতে তীব্র¯স্রোত ও নাব্যতা–সংকট দেখা দেয়। শুরুর দিকে এই সংকট কম থাকলেও পাঁচ দিন ধরে পদ্মর পানি কমতে থাকায় নাব্যতা–সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টের বিকল্প নৌ–চ্যানেলে সৃষ্টি হওয়া ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি। এ কারণে গত শনিবার থেকে রাতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। দিনেও সীমিত করা হয় ফেরি চলাচল। নৌপথে দুর্ঘটনা এড়াতে প্রতিটি ফেরিতে ধারণ ক্ষমতার কম যানবাহন বহন করা হচ্ছে।

জানতে চাইলে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম বলেন, ‘ডুবোচরে আটকা যাওয়ার আশঙ্কায় আমরা ফেরিতে খুবই কম যানবাহন লোড নিই। এই অবস্থায় ফেরিগুলো খুবই সাবধানে ও সতর্কতার সঙ্গে চালাতে হয়। ডুবোচরে একবার ফেরি আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আমরা ফেরি চলাচল সীমিত রেখেছি। এই নৌপথে আসা যাত্রীদের আমরা ফেরির অপেক্ষায় না থেকে বিকল্প নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। তবু ঘাটে যানবাহনের চাপ কমছে না।’

ডুবোচরে আটকা যাওয়ার আশঙ্কায় আমরা ফেরিতে খুবই কম যানবাহন লোড নিই। এই অবস্থায় ফেরিগুলো খুবই সাবধানে ও সতর্কতার সঙ্গে চালাতে হয়। ডুবোচরে একবার ফেরি আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আমরা ফেরি চলাচল সীমিত রেখেছি।
মো. আবদুল আলিম, ব্যবস্থাপক, কাঁঠালবাড়ি ফেরিঘাট, বিআইডব্লিউটিসি

সংকট সমাধানের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, ‘চ্যানেলে পলি মাটি আসছে আর আমরা খননযন্ত্র দিয়ে তা অপসারণ করেই যাচ্ছি। প্রতিনিয়ত আমাদের এ কাজ চলছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে নৌ–চ্যানেল স্বাভাবিক হয়ে যাবে।’

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের সংযোগ সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফেরি ঠিকমতো চলছে না। ঘাটে প্রতিটি সংযোগ সড়কে যানবাহনের প্রচুর চাপ। ছোট গাড়ি (মাইক্রোবাস ও প্রাইভেট কার) আছে ৩০০। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আছে প্রায় ৩০০। শিমুলিয়া ঘাটেও গাড়ির চাপ একই রকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ ক্রমেই বাড়ছে। ঘাটে আসা যানবাহনগুলোকে আমরা বিকল্প পথে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কেউ বিকল্প পথে যায় আবার কেউ ফেরির অপেক্ষায় বসে থাকে।’