শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বন্ধ ফেরি চলাচল
প্রথম আলো ফাইল ছবি

নাব্যতা–সংকটের কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে সাত দিন ধরে ফেরি চলাচল বন্ধ আছে। এতে পুরোপুরি অচল হয়ে পড়েছে শিমুলিয়া ফেরিঘাট। কবে নাগাদ ফেরি চলাচল শুরু হবে, সেটাও জানায়নি ঘাট কর্তৃপক্ষ।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র স্রোত ও নাব্যতা–সংকটে তিন মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই আগস্ট মাসে মাঝেমধ্যেই রাতে বন্ধ রেখে দিনে ফেরি চালানো হতো। প্রতিদিন মাত্র ৪-৫টি ছোট ফেরি চলাচল করত এই নৌপথে। সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বরজুড়ে। সেপ্টেম্বর মাসে পাঁচ দফায় ১৭ দিন ফেরি বন্ধ ছিল। চলতি মাসের তিন দফায় ১০ দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। সব শেষ গত ১৫ অক্টোবর সকালে ছোট ৪-৫টি ফেরি চলছিল। সেদিন দুপুরের দিকে আবারও নাব্যতা–সংকট দেখা দেয়। ফলে সেদিন বিকেল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ফেরি বন্ধ রয়েছে। এবার বর্ষা মৌসুম থেকে এ নৌপথের দূরবস্থা শুরু হয়েছে। এমন অবস্থা এর আগে কখনো ছিল না।

ঘাটসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এ নৌপথ কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না। পদ্মা সেতুর কাজ শুরুর পর থেকে নদী গতিপথ পরিবর্তন করেছে। নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে ডুবোচর জেগেছে। অল্প পানিতে এমন স্রোত কখনো দেখা যায়নি। স্রোতের কারণে চায়না চ্যানেলের বাঁ ও ডান পাশের চর দুটি ভেঙে চ্যানেল ভরাট হয়ে গেছে। চ্যানেলটি খনন করেও তেমন লাভ হচ্ছে না। হয়তো এ চ্যানেল তার স্বাভাবিক অবস্থাতে কখনো ফিরতে পারবে না। নতুন চ্যানেল খনন হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হতে হতে শীত চলে আসবে। তখন সমস্যা তৈরি হবে কুয়াশার কারণে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, ঘাট সুনসান। কোনো কাজ নেই। অলস সময় পার করতে হচ্ছে। এ ঘাটে যানবাহনের কোনো দেখা নেই। নতুন করে কোনো গাড়িও আসছে না। দুই দিন লঞ্চ বন্ধ থাকার পর গত মঙ্গলবার চলতে শুরু করেছে। যাত্রীরা বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছে।

তবে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে জানান, লৌহজং বিকল্প চ্যানেলের পাশ দিয়ে নতুন একটি চ্যানেলে খনন চলছে। চ্যানেলটি পদ্মা সেতুর ৩৮ নম্বর খুঁটির পাশ দিয়ে হচ্ছে। বিআইডব্লিউটিএর লোকজন বলেছিলেন, গত মঙ্গলবারই ফেরি চালাতে পারব। খনন শেষ না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তারা চ্যানেল বুঝিয়ে দিলেই আবারও ফেরি চলাচল শুরু হবে। তবে কবে নাগাদ শুরু হবে, সেটা নিশ্চিত নয়।