শিমুলিয়া ঘাট ফাঁকা, সুনসান নীরবতা
সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনকে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানী ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলে গ্রামের বাড়িতে ছুটেছেন হাজারো মানুষ। ফলে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল বাড়তি ভিড়। আজ সকাল থেকে ঘাট একেবারেই ফাঁকা। চারদিকে সুনসান নীরবতা।
ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটে মালবাহী কয়েকটি ট্রাক থাকলেও যাত্রী নেই। শিমুলিয়া ঘাট এলাকার স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, এর আগেও লকডাউন দেখেছেন। তবে এবারের লকডাউনের চিত্র পুরাই ভিন্ন। তখন ঘাটে যানবাহন আসত। যাত্রীরা লকডাউন উপেক্ষা করে ঘাটে আসতেন। এবার ঘাট একেবারে ফাঁকা। মানুষ নেই।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ প্রথম আলোকে বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। গত কয়েক দিন ঘাটে যাত্রীর চাপ ছিল প্রচণ্ড। আজকে ঘাট এলাকা একেবারে ফাঁকা। তবে পণ্যবাহী ট্রাক আছে।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন আজ সকালে বলেন, ঘাট যাত্রীশূন্য। শুধু কয়েকটি অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাক রয়েছে। যাত্রীশূন্য এমন ফাঁকা ঘাট আগে ছিল না।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে মহাসড়কেও পুলিশ টহল দিচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সরকারি নির্দেশনা মানছে। আজকে মহাসড়কে কোনো যাত্রী নেই। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তবে বিনা কারণে কয়েকটি মোটরসাইকেল বের হয়েছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে।